৩৭ হাজার নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৯ মার্চ – পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা ভোগ করতে পারবেন। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচের অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদানের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
পাইলট পর্যায়ে নির্বাচিত উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেছেন। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে সেক্ষেত্রে সেই সুবিধা বাতিল বলে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের প্রাপ্য ভাতা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন।
প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৪টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের ভাতা গভর্নমেন্ট টু পারসন বা জিটুপি পদ্ধতিতে সরাসরি উপকারভোগী নারীর মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে কোনো ধরনের বিলম্ব বা মধ্যস্থতা ছাড়াই উপকারভোগীরা ঘরে বসেই সরকারি সহায়তা পাবেন।
এস এম/ ৯ মার্চ ২০২৬









