জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

ঢাকা, ৯ মার্চ – জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানাবে তুরস্ক। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠকে রাষ্ট্রদূত রামিস সেন প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব প্রাপ্তির জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাংলাদেশ ও তুরস্কের অভিন্ন মূল্যবোধ এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের জোরালো ভূমিকা পালনের আশা ব্যক্ত করেন। ২০২৬ ও ২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে তুরস্কের সমর্থন চাওয়া হলে রাষ্ট্রদূত রামিস সেন তা নিশ্চিত করেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে তুর্কি সংস্কৃতির প্রসার ঘটাতে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে তুর্কি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনূস এমরে ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিদ্যমান প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে বৃহত্তর সাংস্কৃতিক কর্মসূচিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ৯ মার্চ ২০২৬









