সাংবাদিকদের বেতন ও বোনাস এবং ৫ দিনের ছুটির দাবি বিএফইউজে ও ডিইউজের

ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতন ও বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচ দিনের ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
সাংবাদিক নেতারা জানান, ঈদের ছুটি ঘনিয়ে এলেও অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। কিছু প্রতিষ্ঠান নিয়মকানুনের তোয়াক্কা না করে নামমাত্র বেতন দিলেও ঈদ উপলক্ষে আইন অনুযায়ী প্রাপ্য বেতন ও বোনাস পরিশোধে টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে।
অবিলম্বে সাংবাদিকদের পাওনা পরিশোধ করা না হলে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউনিয়ন কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে, সরকার ইতিমধ্যে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা নোয়াব এখনো ছুটির বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। এই অবস্থায় গত বছরের মতো এবারও সংবাদপত্রে ন্যূনতম পাঁচ দিনের ছুটি ঘোষণার জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এস এম/ ৯ মার্চ ২০২৬









