দুবাই রুটে ফের ফ্লাইট চালুর চিন্তাভাবনা করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

জেদ্দা, ৯ মার্চ – রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় বন্ধ থাকা অন্যান্য গন্তব্যের মধ্যে দুবাই রুটটি পুনরায় চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বিমানের সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং জনবল সংকট দূর করে জনগণের স্বার্থে সেবার মান উন্নয়নের তাগিদ দেওয়া হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ কমানোর বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগে যাত্রীদের বের হওয়ার জন্য মাত্র একটি স্ক্যানার মেশিন ও একটি গেট ছিল। সম্প্রতি পরিদর্শনে গিয়ে তা বাড়িয়ে দুটি করা হয়েছে।
তবে একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের ভিড় সামলাতে প্রয়োজনে তিনটি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে যাত্রীরা দ্রুত লাগেজ নিয়ে বের হতে পারবেন। বিমানের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী। তবে বিমানের পরিচালনা পর্ষদ পরিবর্তন এবং প্রয়োজনে বাইরে থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য সাধারণ যাত্রীদের সামর্থ্যের মধ্যে রাখতে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতে অনেক অনিয়ম থাকলেও বর্তমানে সবকিছু একটি নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনা হচ্ছে এবং শিগগিরই বিমানে দৃশ্যমান পরিবর্তন আসবে।
এস এম/ ৯ মার্চ ২০২৬









