ফেনী

ফেনীতে কক্সবাজারগামী ট্রেনের স্টপেজ নেই, চরম ভোগান্তিতে লাখো যাত্রী

ঢাকা, ৯ মার্চ – ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেন প্রতিদিন ফেনী হয়ে যাতায়াত করলেও গুরুত্বপূর্ণ এই স্টেশনে কোনো স্টপেজ নেই। এর ফলে ফেনীসহ আশপাশের জেলার লাখো যাত্রী সরাসরি এই রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিনের এই সমস্যায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। জানা যায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রথম যাত্রা শুরু করে কক্সবাজার এক্সপ্রেস। পরবর্তীতে পর্যটকদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে পর্যটক এক্সপ্রেস নামের আরও একটি ট্রেন চালু করা হয়।

বর্তমানে এই রুটে নিয়মিত দুটি ট্রেন চলাচল করলেও ফেনী স্টেশনে কোনোটিরই নির্ধারিত স্টপেজ রাখা হয়নি। ফেনী জেলা ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ যাতায়াতের জন্য ফেনী স্টেশন ব্যবহার করে থাকেন। কিন্তু কক্সবাজারগামী ট্রেনের স্টপেজ না থাকায় বাধ্য হয়ে এসব এলাকার যাত্রীদের দূরবর্তী ঢাকা বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ব্যবহার করতে হচ্ছে। এতে যাত্রীদের যাতায়াতের সময় ও খরচ বৃদ্ধির পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্টেশনে অপেক্ষারত কয়েকজন যাত্রী এই বিষয়ে নিজেদের হতাশা ব্যক্ত করেন। সাজ্জাদ মিরাজ নামের এক যাত্রী জানান, ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলা শহরে কক্সবাজারগামী ট্রেন না থামা অত্যন্ত হতাশাজনক।

স্টপেজ চালু হলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে। নোমান হক নামের আরেক যাত্রী বলেন, কক্সবাজার যেতে হলে আগে ঢাকা বা চট্টগ্রাম যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। পর্যটক তানজিদ শুভর মতে, ফেনীতে ট্রেন থামলে শুধু স্থানীয়রা নয়, আশপাশের জেলার মানুষও সহজে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন। এতে পর্যটন খাত আরও সমৃদ্ধ হতো। সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের ফেনী জেলা শাখার সভাপতি জসিম ফরায়েজী জানান, ফেনী দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে স্টপেজ চালু করা অত্যন্ত জরুরি। সাংবাদিক ইউনিয়ন ফেনী এর সভাপতি সিদ্দিক আল মামুনও একই দাবি জানিয়ে বলেন, স্টপেজ চালু হলে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী হবে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন জানান, ট্রেনগুলোর সময়সূচি ও স্টপেজ নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের। স্থানীয়দের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অন্যদিকে ফেনী এক আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানিয়েছেন, বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে দ্রুত ফেনী রেলওয়ে স্টেশনে কক্সবাজারগামী ট্রেনের স্টপেজ চালুর বিষয়ে আশাবাদী স্থানীয়রা।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language