ঝিনাইদহে বাসে আগুন ও ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

ঝিনাইদহ, ৯ মার্চ – ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর এবং যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বাস মালিক ও সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে দায়ের করা পৃথক দুটি মামলায় সোমবার তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন সংগঠনের জেলা সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর মাহমুদ, হুমায়ন কবির, দ্য রেড জুলাই এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, তাশদিদ হাসান এবং রাসেল।
জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় পাম্পকর্মীদের হামলায় ফারদিন আহম্মেদ নীরব নামের এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই পাম্পে ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশের বাধায় তারা আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালায়। একই রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করা রয়েল পরিবহনের দুটি এবং জে লাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় তাজ ফিলিং স্টেশনে নীরব হোসেনের মৃত্যুর ঘটনায় তার বাবা আলীমুর রহমান একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ওই মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। তবে পাম্পের মালিক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পলাতক রয়েছেন। এদিকে গ্রেফতারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা বলেন, অপরাধীদের বিচার হওয়া উচিত। তবে গ্রেফতারকৃতদের মধ্যে নিরপরাধ কেউ থাকতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, হত্যাকাণ্ডের চেয়ে ভাঙচুরের ঘটনাকে বড় করে দেখা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।
এস এম/ ৯ মার্চ ২০২৬









