জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

ঢাকা, ৯ মার্চ – রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নয় থেকে অভিযোগ গঠনের পর্যায়ে মামলাটি বর্তমান আদালতে স্থানান্তর করা হয়। মামলার নথিপত্র থেকে জানা যায় গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক প্রাথমিকভাবে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। পুলিশি তদন্ত শেষে ওই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

১৪ আগস্ট আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জন আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

পরবর্তীতে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত নয় এ অভিযোগ গঠনের বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছিল। মামলার এজাহারে বলা হয়েছে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেড নামের একটি সংগঠনের জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অভিযোগ রয়েছে সেই ভার্চুয়াল সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেন।

এম ম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language