উত্তর আমেরিকা

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

ওয়াশিংটন, ৯ মার্চ – আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। পশ্চিম এশিয়ায় বিরাজমান এই যুদ্ধ পরিস্থিতি কবে শান্ত হবে, তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ থামানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন।

একক সিদ্ধান্তে যুদ্ধ থামানো হবে নাকি নেতানিয়াহুর মতামত নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, এটি অনেকটা যৌথ সিদ্ধান্ত হতে চলেছে। তিনি জানান, তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু না থাকলে ইরান এতদিনে ইসরায়েলকে ধ্বংস করে দিত। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হন, যার ফলে গোটা পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর ইরান ওই অঞ্চলে থাকা আমেরিকার মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে।

এমন পরিস্থিতিতে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। তবে সংঘাত শুরুর কয়েকদিন পরই ট্রাম্প জানিয়েছিলেন, এই যুদ্ধ অন্তত চার সপ্তাহ চলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রয়োজনে চার থেকে পাঁচ সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। অন্যদিকে সোমবার ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনেইয়ের ছেলে মোজতবা খামেনেইয়ের নাম ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার আগেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হোয়াইট হাউস না চাইলে ইরানের নতুন নেতা বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language