মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তেহরান, ৯ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
সোমবার ভোরের দিকে ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। আইআরইবির প্রতিবেদনে বলা হয়েছে যে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির সরাসরি নির্দেশে দখলদার শক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সামরিক পদক্ষেপ।
সম্প্রচারমাধ্যমটি একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে যার নিচে লেখা ছিল সাঈদ মোজতবা আমরা আপনার নির্দেশের অপেক্ষায়। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিনে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর মৃত্যুর নয় দিন পর প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
ইরানের ক্ষমতাকাঠামোতে সর্বোচ্চ নেতার অবস্থান একদম শীর্ষে এবং তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান সেনাপতি। সামরিক গোয়েন্দা অর্থনীতি ও রাজনীতিসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে তাঁর ক্ষমতা চূড়ান্ত।
এনএন/ ৯ মার্চ ২০২৬









