দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা

ঢাকা, ৯ মার্চ – দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনার বা পাকা সোনার দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এক ভরি সোনার বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন এই দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা। এর আগে গত ৪ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম পুনরায় হ্রাস পেলো। সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা ঠিক করা হয়েছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









