উত্তর আমেরিকা

বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার তেল কেনায় ভারতকে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৯ মার্চ – বিশ্বের অশোধিত তেলের বাজার স্থিতিশীল রাখতে রুশ নীতিতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর মার্কিন প্রশাসনের ভেতরেই নানা সমালোচনা শুরু হয়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা শিথিল করায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তের পেছনে বাস্তব পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট জানান, রাশিয়ার বেশ কয়েকটি তেলবাহী জাহাজ চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছাতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এর পরিবর্তে ওই তেল যদি ভারতের শোধনাগারগুলোতে পাঠানো যায়, তবে তেলের ঘাটতি অনেকটাই কমানো সম্ভব হবে। পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি এবং জোগান নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা কিছুটা হলেও প্রশমিত হবে বলে তিনি মনে করেন। এদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার জেরে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

বিশ্বব্যাপী প্রতিদিন রফতানি হওয়া তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানি হামলার আশঙ্কায় বর্তমানে এই প্রণালীর দুই প্রান্তে বিভিন্ন দেশের অসংখ্য জাহাজ ও তেলের ট্যাঙ্কার আটকা পড়ে আছে। ভারতের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ৪০ শতাংশ হরমুজ প্রণালী হয়ে দেশে প্রবেশ করে। ইরানের এই অবরোধের ফলে ভারতের জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের এই ছাড় অনুমোদন করেছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language