মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

তেহরান, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দুটি প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই ১০৮ ডলারে বিক্রি হচ্ছে। আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২০ শতাংশ বেড়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে ইরানের কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ।

বিশ্বব্যাপী প্রতিদিন যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার ২০ শতাংশই এই পথ ব্যবহার করে থাকে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই জলপথ দিয়েই তাদের তেল রপ্তানি করে বলে হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজা আখ্যা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দিতে শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language