ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের পাহাড়

আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারত। আহমেদাবাদের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটিই কোনো দলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

আহমেদাবাদে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ইনিংসের শুরুতে ভারতীয় ওপেনাররা কিছুটা সতর্ক থাকলেও দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রথম ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তোলে ভারত। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা, তবে ২১ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে এসে ঝড় তোলেন সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। সেঞ্চুরির পথে থাকলেও ৮৯ রানে থামতে হয় স্যামসনকে। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও আটটি ছক্কায়।

অন্যদিকে ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করে আউট হন। তবে দলনেতা সূর্যকুমার যাদব গোল্ডেন ডাক মেরে হতাশ করেন এবং হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন। শেষদিকে শিবম দুবের ৮ বলে অপরাজিত ২৬ রানের ঝোড়ো ইনিংসে ভারতের স্কোর আড়াইশ পার হয়।

তিলক ভার্মা ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন। কিউই বোলারদের মধ্যে জেমস নিশাম সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language