জ্বালানিসংকটে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৮ মার্চ – আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ বছর দেশে কোনো প্রকার আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের বর্তমান জ্বালানিসংকট পরিস্থিতির কথা বিবেচনা করে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে, তবে এবার বাস্তবতার নিরিখে তা বন্ধ থাকবে। পাশাপাশি ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মব জাস্টিস এবং সাধারণ অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি নরসিংদীর একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সব ঘটনাকে মবের সঙ্গে তুলনা করা উচিত নয়। নরসিংদীতে মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তদন্তে সৎবাবার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশ থেকে মব সংস্কৃতি বিলুপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তৈরি পোশাক শ্রমিকদের বেতন প্রসঙ্গে তিনি জানান, বিজিএমইএ ও ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদের আগেই শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে, ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটলেও পুলিশ সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এনএন/ ৮ মার্চ ২০২৬









