জাতীয়

কানাডায় বাড়ির অভিযোগ: পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি

ঢাকা, ৮ মার্চ – ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ওয়াসা সূত্রে জানা গেছে, সম্প্রতি কানাডায় স্ত্রীর নামে বাড়ি কেনার বিষয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয় এবং পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এরই মধ্যে তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার খবর পাওয়া গেলেও মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এ বিষয়ে জানতে আব্দুস সালাম ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language