সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন, ডিএসইএক্স কমল ২৩১ পয়েন্ট

ঢাকা, ৮ মার্চ – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বা ডিএসইতে বড় ধরনের দরপতন সংঘটিত হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি প্রধান সূচকগুলোরও উল্লেখযোগ্য পতন লক্ষ করা গেছে। ডিএসই সূত্রে জানা যায় যে রবিবার ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন সম্পন্ন হয়েছে।
দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকায়। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১ দশমিক ৮৪ পয়েন্ট হ্রাস পেয়ে ৫ হাজার ৯ পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি ডিএসই ৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ দশমিক ৯৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ১০টির এবং কমেছে ৩৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
এস এম/ ৮ মার্চ ২০২৬









