শিক্ষা

বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ঢাকা, ৮ মার্চ – বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ছুটি পবিত্র ঈদুল ফিতরের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই অফিস আদেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসিকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। আদেশে বলা হয়েছে যে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ১১টি বিশেষ নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয় দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জা বা আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে।

অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখার পাশাপাশি এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা, করিডোর ও সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি না জ্বালানো এবং পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। অফিস সময় শেষে কম্পিউটার ও প্রিন্টার বা স্ক্যানারসহ সকল যন্ত্র বন্ধ রাখতে হবে। আদেশে যেকোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার এবং সরকারি গাড়ির ব্যবহার সীমিত করার পাশাপাশি জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language