চট্টগ্রামে সিএমপির ২৬৯টি নতুন সিসি ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ শুরু

চট্টগ্রাম, ৮ মার্চ – চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন করে ২৬৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে নগরীর ৯টি থানার ৮১টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। রবিবার বিকেলে দামপাড়াস্থ সিএমপি নিয়ন্ত্রণ কক্ষে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
তিনি জানান, আধুনিক প্রযুক্তির এই সংযোজন অপরাধ দমন, দ্রুত তদন্ত এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নগরজুড়ে সিসি ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথাও জানান পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নগরীর ওপর নজরদারি রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ও উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বে ‘সিএমপি আইজ’ প্রকল্পের আওতায় ৮০০ ক্যামেরা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা অকেজো হয়ে পড়েছিল, তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ পুনরায় এই উদ্যোগ বাস্তবায়ন করল।
এম ম/ ৮ মার্চ ২০২৬









