মার্চের প্রথম সপ্তাহেই এলো এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ঢাকা, ৮ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইছে। চলতি মার্চ মাসের প্রথম সাত দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ দশমিক ০৬ বিলিয়ন বা ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি।
গত বছর একই সময়ে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে ১৫ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে প্রবাসীরা আত্মীয়স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান বলেই এই উল্লম্ফন দেখা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী হলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে এবং বিগত মাসগুলোতেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে।
এস এম/ ৮ মার্চ ২০২৬









