রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্রিটিশ হাইকমিশনারের

ঢাকা, ৮ মার্চ – যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, রোহিঙ্গা ইস্যু, পুলিশ সংস্কার, অবৈধ ও অনিয়মিত অভিবাসন এবং সন্ত্রাসবাদ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব পালনের জন্য হাইকমিশনার মন্ত্রীকে অভিনন্দন জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে নিয়মিত আলোচনার মাধ্যমে বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ববহ করে তোলার কথা উল্লেখ করেন সারাহ কুক। তিনি জানান যে বাংলাদেশের মতো যুক্তরাজ্যও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্বাসী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আর্থসামাজিক উন্নয়নে ক্যাম্পের নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, প্রত্যাবাসন ও অপরাধ নিয়ন্ত্রণের ওপর জোর দেন।
যুক্তরাজ্যকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে ভিসা প্রতারণা বন্ধে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধে বিশেষজ্ঞ পর্যায়ে ভার্চুয়াল সভার আয়োজন ও পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া আগামী ১৬ ও ১৭ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জালিয়াতি শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান ব্রিটিশ হাইকমিশনার। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৮ মার্চ ২০২৬









