১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতর ও শবেকদরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ বুধবারকে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। সরকারি এই আদেশের ফলে ১৮ মার্চ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
পাশাপাশি হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংকিং ব্যবস্থা সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
এছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।
এম ম/ ৮ মার্চ ২০২৬









