এশিয়া

ইরানকে ঘিরে যুদ্ধ হওয়া উচিত ছিল না, স্পষ্ট বার্তা চীনের

বেইজিং, ৮ মার্চ – মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যে সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে নিজেদের দ্ব্যর্থহীন অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেছেন, এই যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজন ছিল না এবং এমন সংঘাত অনাকাঙ্ক্ষিত। রবিবার চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ইরানে সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করা হলে তা দেশটির সাধারণ মানুষের সমর্থন পাবে না। বরং এ ধরনের উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলতে পারে। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরান ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সবার শ্রদ্ধা রাখা উচিত। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই ওই অঞ্চলের প্রকৃত মালিক।

তাই সেখানকার সমস্যার সমাধান ওই অঞ্চলের দেশগুলোকেই করতে হবে। বাইরে থেকে রাজনৈতিক পরিবর্তন চাপিয়ে দেওয়া বা অস্থিরতা তৈরি করা কোনো টেকসই সমাধান নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালায়।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language