মধ্যপ্রাচ্যে অস্থিরতা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

তেহরান, ৮ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আফগানিস্তান প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে নিজেদের হোম সিরিজ হিসেবে শ্রীলঙ্কাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে শারজায় ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি এবং দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর শেষে পাকিস্তান নারী দলও একই কারণে ডারবানে আটকে পড়েছিল বলে খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন করা ঝুঁকিপূর্ণ। তাই খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজটি পুনরায় কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং অবস্থা স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৮ মার্চ ২০২৬









