শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা, ৮ মার্চ – আসন্ন পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝে ১৮ মার্চ তারিখটিকেও সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যবণ্টন বিধিমালা ১৯৯৬ এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছে। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো জরুরি সেবা যথারীতি চালু থাকবে। টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এসব কাজের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।
এছাড়াও হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও খোলা রাখতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং আদালতের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এস এম/ ৮ মার্চ ২০২৬









