শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল উন্নয়নে মাউশির ১০ নির্দেশনা

ঢাকা, ৮ মার্চ – মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বা মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করেছে মাউশি। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নিবন্ধিত ও নির্ধারিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজ নিজ ভেন্যুতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।

প্রশিক্ষণ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দৈনন্দিন অনুশীলন নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান একটি মনিটরিং পুল গঠন করবে। এই মনিটরিং পুলের কাজ প্রশিক্ষণ ম্যানুয়াল এবং গাইডলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এর বাইরে অন্য কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।

প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে ব্যাচ আকারে প্রশিক্ষণ দেওয়া যাবে। প্রয়োজনে অভিভাবকদেরও এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ রাখা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানরা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়ন করবেন। এছাড়া কার্যক্রমটি বাস্তবায়ন ও মনিটরিংয়ে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language