চট্টগ্রাম

বোয়ালখালীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা পেলেন বিধবা জুলেখা

চট্টগ্রাম, ৮ মার্চ – পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

শনিবার দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলেখা বেগমের হাতে সংগঠনের পক্ষ থেকে রমজানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায় জুলেখা বেগম প্রায় এক বছর আগে তার স্বামী জয়নাল আবেদীনকে হারান এবং এরপর থেকেই চার কন্যা সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

পরিবারে কোনো ছেলে সন্তান বা উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বড় মেয়েকে বিয়ে দিলেও বর্তমানে বাকি তিন মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছেন তিনি। আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় এলাকাবাসীর দয়ায় দিন পার করতে হয় এই অসহায় নারীকে।

তার এই দুরবস্থার কথা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সরেজমিনে গিয়ে খোঁজখবর নেন এবং শনিবার তার বাড়িতে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. সাইমন, ওবাইদুল হক, মো. এরশাদ এবং দৈনিক কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দীন।

রমজান মাসে এমন একটি প্রকৃত অসহায় পরিবারকে খুঁজে বের করে সহায়তা করায় স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language