জাতীয়

নারী এগিয়ে গেলেই জাতি এগিয়ে যাবে: ডা. জুবাইদা রহমান

ঢাকা, ৮ মার্চ – নারীরা এগিয়ে গেলে জাতিও সমান্তরালভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেন যে নারী সমাজের অগ্রগতি নিশ্চিত হলেই কেবল একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব। বাংলাদেশ ভবিষ্যতে এমন একটি রাষ্ট্রে পরিণত হবে যেখানে নারীরা সম্পূর্ণ নিরাপদে এবং আত্মমর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি এই বিশেষ দিনে সকলকে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানান। এ সময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ করে বলেন যে শত অত্যাচার ও প্রতিকূলতার মধ্যেও তিনি ছিলেন অদম্য এবং সাহসে অবিচল।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিজয়ীদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে মোছা. ববিতা খাতুন এই পুরস্কার অর্জন করেন। এছাড়া সফল জননী ক্যাটাগরিতে নুরবানু কবীর এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগমকে পুরস্কৃত করা হয়।

সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন। পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হয়।

এম ম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language