‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

ওসমানী স্মৃতি মিলনায়তন, ৮ মার্চ – গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার অনুপস্থিতিতে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রবিবার ৮ মার্চ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
গণতন্ত্রের অগ্রযাত্রায় খালেদা জিয়া ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে শত নির্যাতনের মুখেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।
এম ম/ ৮ মার্চ ২০২৬









