ঝিনাইদহে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন

ঝিনাইদহ, ৮ মার্চ – ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা টার্মিনালের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
সে সময় টার্মিনাল এলাকায় কয়েকটি দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ছাড়া জনসমাগম ছিল না। বাস তিনটি পাশাপাশি দাঁড়িয়ে ছিল। জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে তিনি দ্রুত টার্মিনালে ছুটে যান এবং নিজের বাসসহ আরও দুটি বাস জ্বলতে দেখেন। ঝিনাইদহ বাস-মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে শনিবার রাতে একটি তেলের পাম্পে মারধরের ঘটনায় এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই পাম্পের মালিক হারুন অর রশীদের একটি বাসও টার্মিনালে ছিল। তাই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট বাস মালিকেরা অভিযোগ দায়ের করলে মামলা নেওয়া হবে এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ৮ মার্চ ২০২৬









