দক্ষিণ এশিয়া

কর্ণাটকে ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হলো সোশ্যাল মিডিয়া

দিল্লি, ৮ মার্চ – ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিশুদের ওপর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও এর নেতিবাচক প্রভাব প্রশমনে রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করার সময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী জানান যে শিশুদের ওপর স্মার্টফোনের আসক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরূপ প্রভাব ঠেকাতেই এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের মধ্যে কর্ণাটকই প্রথম রাজ্য হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করল। প্রযুক্তিনগরী বেঙ্গালুরু এই রাজ্যেরই রাজধানী হওয়ায় বিষয়টির গুরুত্ব অনেক। জানা গেছে যে গত রবিবার রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে শিশুদের ওপর ডিজিটাল আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন সিদ্দারামাইয়া। শিক্ষাবিদদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

নিষেধাজ্ঞাটি কীভাবে কার্যকর করা হবে সে বিষয়েও উপাচার্যদের মতামত চাওয়া হয়েছে। এবারের রাজ্য বাজেটে ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য যে এর আগে অস্ট্রেলিয়াতেও শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল যা নিয়ে দেশটির তরুণ ডিজিটাল অধিকারকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এমন পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language