উত্তর আমেরিকা

মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিটিশ রণতরী ‘প্রিন্স অফ ওয়েলস’কে প্রস্তুত থাকার নির্দেশ

ওয়াশিংটন, ৮ মার্চ – যুক্তরাজ্যের দুটি বিশাল বিমানবাহী রণতরীর অন্যতম ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’কে পোর্টসমাউথ থেকে যেকোনো মুহূর্তে যাত্রা শুরুর জন্য প্রস্তুত রাখা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে, জাহাজের ক্রুদের মাত্র পাঁচ দিনের মধ্যে রওনা দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে, যেখানে সাধারণত এমন যাত্রার জন্য ১৪ দিনের সময় বা নোটিশ দেওয়া হয়।

এই জরুরি প্রস্তুতির ফলে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে হুমকির মুখে পড়া ব্রিটিশ স্বার্থ রক্ষায় ভূমধ্যসাগরে জাহাজটি মোতায়েন করা হতে পারে। এদিকে শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সাইপ্রাসকে রক্ষায় দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ব্রিটিশ সরকারের সমালোচনাও হচ্ছে। ইতোমধ্যে ওই অঞ্চলে টাইপ ৪৫ ডেস্ট্রয়ার ও এইচএমএস ড্রাগন মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মিত্র দেশগুলোর সাথে ‘অপারেশন ফায়ারক্রেস্ট’-এ অংশ নেওয়ার কথা ছিল এইচএমএস প্রিন্স অফ ওয়েলসের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এর গন্তব্য বদলাতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, জানুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে এবং সাইপ্রাসে বাড়তি সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language