বৈরুতের হোটেলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ১০

বৈরুত, ৮ মার্চ – লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। মন্ত্রণালয় সূত্র জানায়, বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ভোরে বৈরুতের মধ্যাঞ্চলে অবস্থিত ওই হোটেল ভবনে হামলাটি সংঘটিত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, লেবাননের রাজধানীতে অবস্থানরত ইরানি কমান্ডারদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর এটিই বৈরুতের প্রাণকেন্দ্রে চালানো প্রথম ইসরায়েলি হামলা।
এস এম/ ৮ মার্চ ২০২৬









