মধ্যপ্রাচ্য

কুয়েতে সরকারি ভবন ও তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি

কুয়েত শহর, ৮ মার্চ – কুয়েতে ইরানের ড্রোন হামলায় একটি সরকারি ভবন ও দু’টি তেলের ডিপোতে আগুন লেগেছে। কুয়েত নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সরকারি ভবনটি হলো সামাজিক নিরাপত্তা বিভাগের সদরদপ্তর, যেখানে ২২ তলা ভবনে আগুন ধরে ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি। হামলার পর ভবন ও আশপাশের সবাইকে সরিয়ে নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে স্থানান্তর করা হয়েছে।

তেলের ডিপো দুটি বিমানবন্দরের কাছে অবস্থিত, হামলায় সেখানে বিরাট অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে যা বিমানবন্দরের কাছাকাছি ছড়িয়ে পড়েছে। কুয়েতের ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা সরকারি ভবন ও ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছেন।

এই হামলা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিনের সংলাপের ব্যর্থতার পর সংঘটিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ ও ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language