ইউরোপ

নরওয়ের অসলোতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ

নরওয়ে রাজ্য, ৮ মার্চ – নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকায় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে বলে অসলো পুলিশের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ বা এর নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তারা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিভিন্ন মার্কিন মিশনে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং কয়েকটি স্থানে হামলার ঘটনাও ঘটেছে। তবে নরওয়ের এই বিস্ফোরণের সঙ্গে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কোনো সংযোগ আছে কি না, সে বিষয়ে অসলো পুলিশের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language