ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ঢাকা, ৮ মার্চ – নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৯ মার্চ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এই কার্যক্রম চালু করা হবে।
নারীদের স্বাবলম্বী করতে এই কার্ডের বিপরীতে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন। হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের মায়েরা বা নারী প্রধানরা এই সুবিধা পাবেন। তিনি আরও উল্লেখ করেন যে কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস কিংবা ধর্ম ও বর্ণ বিবেচনা করা হবে না। ডোর টু ডোর পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।
প্রথমে একটি ওয়ার্ড ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে কার্ড বিতরণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএন/ ৮ মার্চ ২০২৬









