মধ্যপ্রাচ্য

জ্বালানি খাতে হামলা হলে পাল্টা জবাব, ইরানকে সৌদির কঠোর হুঁশিয়ারি

রিয়াদ, ৮ মার্চ – সৌদি আরব ইরানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা চলমান সংঘাত কূটনৈতিক উপায়ে নিরসনে বেশি আগ্রহী। তবে রিয়াদের পক্ষ থেকে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি তাদের জ্বালানি খাতের ওপর কোনো প্রকার হামলা চালানো হয়, তবে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে।

রোববার সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সৌদি আরব ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে।

এর আগে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার প্রেক্ষাপটে দুঃখ প্রকাশ করেন। জানা গেছে, পেজেশকিয়ানের এই বার্তার আগেই সৌদি আরব পাল্টা হুমকির বার্তা পাঠিয়েছিল।

ইরানের প্রেসিডেন্ট মূলত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর লক্ষ্যেই দুঃখ প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, দুদিন আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সৌদির অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের যেকোনো প্রক্রিয়ায় যুক্ত হতে রিয়াদ প্রস্তুত রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হয়নি বলেও তিনি নিশ্চিত করেন। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যদি সৌদি আরবের ভূখণ্ড ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকে, তবে তারা যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য হতে পারে। পাশাপাশি ইরান যদি জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তবে রিয়াদও পাল্টা আঘাত হানবে।

সূত্রগুলো জানিয়েছে, ব্যাক চ্যানেলের মাধ্যমে সৌদি আরব ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language