জাতীয়

লন্ডন থেকে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঢাকা, ৮ মার্চ – যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনে পৌঁছে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির জানান যে হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন যে হাই কমিশনার লন্ডনে কমিউনিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিলেন এবং হাই কমিশনকে দলীয়করণ বা ‘আওয়ামীকরণ’ করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। দেশের স্বার্থ বা প্রবাসী কমিউনিটির দিকে নজর না দেওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিসিএস ১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার হিসেবেও কাজ করেছেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে লন্ডনে হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language