৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? ভাইরাল ছবি ঘিরে বলিপাড়ায় জল্পনা

মুম্বাই, ৭ মার্চ – বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ দাবি করছেন, ৬৬ বছর বয়সে মা হতে চলেছেন এই প্রবীণ অভিনেত্রী। যদিও এই গুঞ্জনের বিষয়ে নীনা গুপ্তা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন নীনা। অনুষ্ঠানে তার পরনে ছিল সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজ।
সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর শারীরিক অবয়ব নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। কেউ কেউ তার স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে মন্তব্য করেন, যা মুহূর্তেই গুঞ্জনে রূপ নেয়।
অতীতে সমাজের নানা প্রতিকূলতা উপেক্ষা করে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়ে মাসাবা গুপ্তাকে বড় করে তোলার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। এরপর ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা। বর্তমানে তার মেয়ে মাসাবাও সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত। এর মাঝেই নীনার মা হওয়ার গুঞ্জনে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
এনএন/ ৭ মার্চ ২০২৬









