ত্রয়োদশ নির্বাচন: পোস্টাল ভোটে এগিয়ে জামায়াত, দুই আসনে জয়-পরাজয়ে নাটকীয় মোড়

ঢাকা, ৭ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে অন্যান্য দলের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, দলটি পোস্টাল ভোটের ৪৫ দশমিক ৮৮ শতাংশ পেয়েছে, যেখানে বিএনপির প্রাপ্তি ৩০ দশমিক ২৮ শতাংশ।
শনিবার নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
পোস্টাল ভোটের মাধ্যমে দুটি সংসদীয় আসনের ফলাফলে নাটকীয় পরিবর্তন এসেছে। প্রবাসীদের দাবির মুখে প্রথমবারের মতো নির্বাচন কমিশন আইটি-সমর্থিত পোস্টাল ভোটের ব্যবস্থা করে। এতে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনি কর্মকর্তা এবং কারাবন্দি ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পান।
ইসি সূত্রে জানা গেছে, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন এবং বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮টি ভোট।
পোস্টাল ভোটে জামায়াতে ইসলামী ৪ লাখ ৮৮ হাজার ১১৪টি এবং বিএনপি ৩ লাখ ২২ হাজার ১৪৪টি ভোট পেয়েছে। এনসিপির ঝুলিতে গেছে ৫২ হাজার ৮৪০টি ভোট।
পোস্টাল ভোটের কারণে সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনের চূড়ান্ত ফলাফলে পরিবর্তন এসেছে। সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী প্রাথমিকভাবে এগিয়ে থাকলেও পোস্টাল ভোট যোগ হওয়ার পর জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
একইভাবে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার প্রথমে এগিয়ে ছিলেন। কিন্তু পোস্টাল ভোটে ১১ দলীয় জোটের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিপুল সমর্থন পাওয়ায় চূড়ান্ত ফলাফলে তিনি ৩৮৫ ভোটে জয়ী হন।
নির্বাচনে রংপুর-২ আসনে পোস্টাল ভোটের হার ছিল সর্বোচ্চ ৮৭ দশমিক ০৮ শতাংশ। অন্যদিকে পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২ ও ৩ এবং চট্টগ্রাম-১ আসনে পোস্টাল ভোটের হার ছিল শূন্য শতাংশ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ১ হাজার ২৫৬টি পোস্টাল ভোট, যেখানে জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৩২৮ ভোট। বগুড়া-৬ আসনে তারেক রহমান ১ হাজার ৫৪৫ ভোট এবং জামায়াতের মো. আবিদুর রহমান ১ হাজার ৬২ ভোট পেয়েছেন। ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট এবং বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট। এছাড়া ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ১ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিএনপির এম এ কাইয়ুমের চেয়ে এগিয়ে ছিলেন। কুমিল্লা-৪ আসনে এনসিপি ও জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ৬ হাজার ৫৬টি পোস্টাল ভোট পেয়েছেন। বিশ্লেষণে দেখা যায়, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটের জন্য সর্বোচ্চ নিবন্ধন হয়েছিল এবং সেখানেও জামায়াত প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন।
এনএন/ ৭ মার্চ ২০২৬









