সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট, ৭ মার্চ – অনিয়মের অভিযোগে সিলেটের অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কৃষি বিপণন আইন অনুযায়ী পণ্য ক্রয়ের রসিদ দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আব্দুল হান্নান, আবির আহমদ, জুনেদ মিয়া, মো. কাদির, রিপন দাস, আনোয়ার আলী, রাজা মিয়া ও তানভীর আহমদকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জামিল আহমদকে ৪ হাজার, কামিল আহমদকে ৩ হাজার, মো. আকলিছ ও লিলু মিয়াকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৯ এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এনএন/ ৭ মার্চ ২০২৬









