ইরানে হামলার জেরে আঞ্চলিক সংঘাতের শঙ্কায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সামনে বড় চ্যালেঞ্জ

ওয়াশিংটন, ৭ মার্চ – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি দ্রুত একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। যদিও অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন এবং ইরানি বাহিনীর ওপর বড় আঘাত হানা হয়েছে, তবুও মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হচ্ছে।
এই অভিযানকে ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জন হপকিনস স্কুল অব অ্যাডভ্যানস্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজের গবেষক লরা ব্লুমেনফেল্ড সতর্ক করেছেন যে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা বৈশ্বিক অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো পাল্টা হামলা শুরু করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে। এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনার নিহতের খবর পাওয়া গেছে, যা যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত তৈরির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এনএন/ ৭ মার্চ ২০২৬









