চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে আর করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

ওয়াশিংটন, ৭ মার্চ – বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অতীতে চীনের সাথে যে কৌশলগত ভুল করেছিল যুক্তরাষ্ট্র, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি আর করা হবে না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত রাইসিনা ডায়ালগে অংশ নিয়ে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ।
তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির রূপরেখা তুলে ধরে জানান, অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক ছাড়গুলো যেভাবে দেশটির উত্থানে সহায়তা করেছিল, ভারতের বেলায় তেমনটি ঘটবে না। ল্যান্ডউ উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী হলেও তা অবশ্যই পারস্পরিক স্বার্থ ও মার্কিন জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে ২০ বছর আগে চীনের বাজার উন্মুক্ত করে দেওয়ার পর দেখা গেছে তারাই এখন বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিচ্ছে।
শিক্ষা ও অভিবাসন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তাঁর মতে বিদেশি শিক্ষার্থীরা যদি পড়াশোনা শেষে মার্কিন কর্মীদের সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতা করে তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের জায়গা হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন যে অভিবাসন নীতিকে শেষ পর্যন্ত মার্কিন নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে হবে। এছাড়া পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে ভারতকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কথা ভাবার আহ্বান জানান তিনি। বর্তমানে শুল্ক ও ভিসা জটিলতা নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন চললেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।
এস এম/ ৭ মার্চ ২০২৬









