দক্ষিণ এশিয়া

বেঙ্গালুরুতে ১২৪ জন বাংলাদেশি আটক

দিল্লি, ৭ মার্চ – ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ৪২ জন নারীর পাশাপাশি ৩৪ জন শিশু রয়েছে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, আটককৃতরা গত কয়েক বছর ধরে শহরের কাদুগোডি ও ভার্থুর থানা এলাকায় অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছিলেন।

অভিযানের সময় তাদের কারও কাছেই ভারতে প্রবেশ বা বসবাসের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখার চারটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাদের নিজ দেশে ফেরত পাঠানোসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ আরও জানায়, শহরের বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশিদের সন্ধানে গত কয়েকদিন ধরে অভিযান চলছে এবং এ পর্যন্ত দুই শতাধিক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language