যুদ্ধের মধ্যেই কাতারের এলএনজি নিয়ে ট্যাঙ্কার আসছে বাংলাদেশে

দোহা, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যেই কাতার সম্ভবত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির প্রথম চালানটি জাহাজে তুলেছে। ব্লুমবার্গের তথ্যানুযায়ী এই এলএনজিবাহী ট্যাঙ্কারটির গন্তব্য বাংলাদেশ। জাহাজ ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শুক্রবার কাতারের এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার রওনা হয়েছে। জাহাজটির ড্রাফট লেভেল বা পানির নিচের অংশের গভীরতা বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে এটি এলএনজিতে পূর্ণ।
সংকেত অনুযায়ী জাহাজটি আগামী ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই যাত্রার সাফল্য নির্ভর করছে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর। ওই অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পথটি নিরাপদ না হওয়া পর্যন্ত ট্যাঙ্কারটি মাঝপথে অপেক্ষমাণ বা ভাসমান গুদাম হিসেবে অবস্থান করতে পারে।
এর আগে চলতি সপ্তাহে ইরানি ড্রোন হামলার জেরে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানি কেন্দ্রটি কার্যক্রম সাময়িক স্থগিত করেছিল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। গত ২ মার্চ কাতারএনার্জি চুক্তির ১৭ নম্বর ধারা অনুযায়ী পেট্রোবাংলাকে ফোর্স ম্যাজেউর বা অনিবার্য পরিস্থিতির নোটিশ দিয়েছিল। সেখানে পরিস্থিতির কারণ হিসেবে অঞ্চলটির সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করা হয়েছিল।
এস এম/ ৭ মার্চ ২০২৬









