যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়াবে না জার্মানি, দ্বিমত মের্ৎসের সঙ্গে

জার্মানি, ৭ মার্চ – ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সংঘাতে যোগ দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। তিনি পরিষ্কার জানিয়েছেন যে জার্মানি এই যুদ্ধের অংশ হবে না। এমনকি এই যুদ্ধের আন্তর্জাতিক বৈধতা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবেইল নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে অংশগ্রহণ করব না।
তিনি মন্তব্য করেন যে বিশ্ব বর্তমানে এমন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে যেখানে কোনো নিয়ম বা নীতির তোয়াক্কা করা হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন যে জোর যার মুলুক তার এমন নীতিতে চলা পৃথিবীতে তারা বসবাস করতে চান না। তবে ভাইস চ্যান্সেলরের এই মন্তব্য জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
মের্ৎস এর আগে ঘোষণা করেছিলেন যে তার সরকার ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যগুলোর সঙ্গে একমত। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের প্রতি হুমকির জবাবে পশ্চিমা মিত্রদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মের্ৎস। কিন্তু ক্লিংবেইল চ্যান্সেলরের সেই অবস্থানের বিরোধিতা করে আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেছেন।
এস এম/ ৭ মার্চ ২০২৬









