ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী, জ্বালানি ও পাট খাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

ঢাকা, ৭ মার্চ – সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও দাপ্তরিক কাজ ও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ৭ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি অফিস করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তাঁর টানা তৃতীয় শনিবারের অফিস কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান যে এদিন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা দাপ্তরিক কাজে অংশ নেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান যে প্রধানমন্ত্রী দুপুর ১২টায় কার্যালয়ে উপস্থিত হন। এরপর তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ বিষয়ে বৈঠক করেন।
পরবর্তীতে দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন। এই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সাশ্রয় এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
দিনের কর্মসূচি শেষে দেশের আলেম সমাজ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।
এম ম/ ৭ মার্চ ২০২৬








