সিংড়ায় ১০ হাজার লিটার তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

নাটোর, ৭ মার্চ – নাটোরের সিংড়ায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিংগইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সেখানে মাটির নিচে পানির ট্যাংকের মধ্যে ১০ হাজার লিটার ডিজেল তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে এই অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে আগামীকালের মধ্যে মজুদকৃত জ্বালানি তেল নির্ধারিত দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রির পরিকল্পনা করছে বলে তথ্য ছিল।
অভিযানে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুসারে ওই ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। তার তেল মজুদের অনুমতি থাকলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তিনি বেআইনিভাবে তা সংরক্ষণ করেছিলেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এম ম/ ৭ মার্চ ২০২৬









