মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দিচ্ছে না ইন্দোনেশিয়া

জাকার্তা, ৭ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যে অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদে যোগদান প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা ও উত্তেজনা বৃদ্ধির কারণেই মূলত ওই উদ্যোগে অংশগ্রহণ আপাতত স্থগিত রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন ইরানের সঙ্গে সংঘাত এবং এর সম্ভাব্য পরিণতির দিকেই বেশি নিবদ্ধ রয়েছে।
পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের বন্ধুরাষ্ট্র ও অংশীদারদের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখবে, কারণ চলমান হামলা এবং ক্রমবর্মান উত্তেজনায় তারাই সরাসরি এবং সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে।
অন্যদিকে প্রস্তাবিত এই শান্তি পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে দেশটির অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছিল।
সমালোচকদের অভিমত হলো, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন এমন কোনো উদ্যোগে জাকার্তা যুক্ত হলে তা ফিলিস্তিনের প্রতি ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের নীতিগত ও নৈতিক সমর্থনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এম ম/ ৭ মার্চ ২০২৬









