জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও তল্লাশি জোরদার

চুয়াডাঙ্গা, ৭ মার্চ – বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে চুয়াডাঙ্গা সীমান্তে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
সংস্থাটি জানিয়েছে যে সীমান্তে জনবল বৃদ্ধি করার পাশাপাশি টহল জোরদার এবং যানবাহন তল্লাশি কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। এর অংশ হিসেবে দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন স্পর্শকাতর সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন দেশে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে অথবা অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে সেই আশঙ্কা থেকেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
বিশেষ করে অতীতে যেসব রুট ব্যবহার করে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা চালানো হয়েছিল সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ ছাড়া দর্শনা আইসিপি গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন যে সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন পরিবহন ও চলাচলের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।
এম ম/ ৭ মার্চ ২০২৬









