দিনাজপুর

বোচাগঞ্জে জিএপি পদ্ধতিতে কপি চাষে তিন কৃষকের বাজিমাত

দিনাজপুর, ৭ মার্চ – দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় উত্তম কৃষি চর্চা বা জিএপি অনুসরণে ক্লাস্টারভিত্তিক ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় তিনজন কৃষক।

আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার ও উন্নত পদ্ধতিতে চারা রোপণের ফলে আশানুরূপ ফলন পাওয়ায় তারা এখন লাভের মুখ দেখছেন। উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের হাটরামপুর গ্রামে পার্টনার ফিল্ড স্কুলের আওতায় এই বিশেষ প্রদর্শনী প্লটটি স্থাপন করা হয়েছে।

চলতি ২০২৫ সালের ২২ নভেম্বর প্রায় ১০ হেক্টর জমিতে এক্সেল সুপার এবং এটলাসসহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের কপির চারা রোপণ করা হয়েছিল।

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষক মো. জামাল ইসলাম, বিপ্লব রায় ও মোমিনুল ইসলাম জানান যে শুরু থেকেই কৃষি বিভাগের পরামর্শ মেনে পরিচর্যা করায় জমিতে কপির বাম্পার ফলন হয়েছে এবং তারা বর্তমানে ক্ষেত থেকে কপি সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন। কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী এই চাষাবাদে তাদের প্রায় ৩ লাখ টাকা ব্যয় হলেও ইতোমধ্যে তারা প্রায় ৬ লাখ টাকার পণ্য বিক্রি করেছেন এবং ভালো বাজারদর থাকায় আরও অধিক মুনাফার আশা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে পার্টনার প্রকল্পের আওতায় ২০২৫ ও ২৬ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যেই এই ক্লাস্টার প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে।

বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা এ বিষয়ে বলেন যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিতে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language